চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার
কয়রা ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকা থেকে দু’খেজুর গুড় ব্যবসায়ী আলেফ উদ্দিন (৫০) ও সাঈদকে (৪৫) অজ্ঞান করে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় এলাকাবাসী অজ্ঞান পার্টির ৩ সদস্যকে আটক করেছে। ২ গুড় ব্যবসায়ী অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দামুড়হুদা মডেল থানার এসআই আবু জার স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলেফ উদ্দিন ও একই উপজেলার সোহরাব আলীর ছেলে সাঈদ উপজেলায় অবস্থিত খেজুর গুড় মোকাম জয়রামপুর রেলস্টেশনে যাবার জন্য শনিবার সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে যোগে চুয়াডাঙ্গায় নামে। আন্ত:নগর ট্রেন জয়রামপুর স্টেশনে না থামায় তাদেরকে চুয়াডাঙ্গায় নামতে হয়। ট্রেনে আসার সময় তাদের সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার বহুলিয়া গ্রামের মরহুম সাত্তার আলীর ছেলে রহিম সরদার (৪০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ফুল মিয়া(৩৮) ও নাটোর জেলার বাঘাদিয়াপাড়া উপজেলার কালিমপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৪২) এর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। সকালে ওই ৫জন জয়রামপুর গুড়ের মোকামে যাবার জন্য একটি চার্জার অটো রিক্সা ভাড়া করে চুয়াডাঙ্গা থেকে। এদিন সকাল সাড়ে ১০টার দিকে জয়রামপুর কাঁঠালতলায় রহিম সরদার, ফুল মিয়া ও সানোয়ার হোসেন অটো রিক্সা থেকে নেমে চলে যাবার সময় অটো রিক্সা চালক পিছনে তাকিয়ে দেখতে পায় তাদের সঙ্গের যাত্রী দু’ জন অচেতন অবস্থায় অটো রিক্সার আসনে পড়ে আছে। তাৎক্ষণিক সে বিষয়টি এলাকার স্থানীয় লোকজনকে জানালে তারা একত্রিত হয়ে তাদের পিছু নিয়ে গ্রামের মাঠের মধ্য থেকে আটক করে গণধোলাই দিয়ে জিজ্ঞাবাদের এক পর্যায় তারা স্বীকার করে যে তারা উল্লাপাড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার পর থেকেই তাদের পিছু নেয়। তাদের দু’ জনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নেয়ার কথাও জানায় তারা।
এরপর স্থানীয় লোকজন মডেল থানায় জানালে পুলিশ তাদের এবং আক্রান্ত দু’খেজুর গুড় ব্যবসায়ীকে উদ্ধার করে আসামীদের থানায় ও আক্রান্তদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান,ঘটনার পর গুড় ব্যবসায়ীদের এক সহকর্মী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিতল পরমনির ছেলে লুৎফর রহমান (৪৫) থানায় উপস্থিত হয়ে শনিবার বিকাল ৪টা ২০ মিনিটে আটক ৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
Posted by #amadinews
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন