পবিত্র শবে বরাত ১১ মে


আগামী ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ১৪ শাবান অর্থাৎ ১১ মে দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ শবে বরাতের রাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ সৃষ্টিকর্তার আনুগত্য লাভের আশায় প্রার্থনায় অংশ নেয়। মুসলমানদের কাছে এ রাত ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন। কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
সভায় ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়।


 Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিধবা নারীকে ধর্ষণ ও লুটপাটের ঘটনায় আটক-৪